ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে গাছবোঝাই একটি মিনি পিকআপ খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে আসামবস্তি-কাপ্তাই সড়কের কামিলাছড়ি মগবান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মগবান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামিলাছড়ির বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। এ ঘটনায় বিনয় চাকমা (৩৫) নামের একজন আহত হয়েছেন।

হতাহতরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে গাছ বহনকারী মিনি পিকআপটি ঢালু রাস্তায় উপরে উঠতে ব্যর্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়।

এতে গাড়িটি উল্টে গিয়ে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান বলেন, রাতের বেলায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে মরদেহগুলো রাখা আছে।