আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ আসনের বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের আরও দুটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নিরাপদে পৌঁছানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনি সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, 'উপজেলায় মোট ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম ৫টি কেন্দ্রে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। গতকাল বড়থলি ইউনিয়নের রাইমংছড়া কেন্দ্রে এবং আজ ফারুয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে।'
তিনি জানান, এ কার্যক্রমে সেনাবাহিনী ও বিমানবাহিনী সহযোগিতা করছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব দুর্গম কেন্দ্রে সরাসরি পৌঁছানোর জন্য কোনো সড়ক বা নৌপথের সুযোগ নেই। তাই ভোটের কয়েক দিন আগেই নির্বাচনি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরঞ্জামসহ হেলিকপ্টারে করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোটগ্রহণ ও গণনা শেষে একইভাবে তাদের উপজেলা হয়ে জেলা সদরে ফেরত পাঠানো হবে।
হেলিকপ্টারে যে পাঁচটি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে সেগুলো হলো—ফারুয়া ইউনিয়নে ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়থলি ইউনিয়নে প্রাংজংপাড়া, বড়থলি ও রাইমংছড়া কেন্দ্র। অন্যান্য দুর্গম কেন্দ্রগুলোতেও একই পদ্ধতিতে সরঞ্জাম পাঠানো হবে বলে জানানো হয়েছে।
দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর এই উদ্যোগকে সুষ্ঠু, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন