জাতিগত ও রাষ্ট্রীয়সহ নানা ধরনের নিপীড়নের মধ্য দিয়ে পাহাড়ের নারীদের বেড়ে উঠতে হয় বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। তিনি বলেন, ‘পাহাড়সহ দেশব্যাপী নারীদের প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে থাকতে হচ্ছে’।
তিনি আরও বলেন, বিচারহীনতার কারণে এখানকার নারীরা সহিংসতা, নির্যাতন ও অত্যাচারের শিকার হচ্ছেন। এতে দুষ্কৃতকারীরা আরও বেশি সুযোগ পাচ্ছে। এর প্রতিবাদে আমরা সোচ্চার হতে পারি না এবং ন্যায়বিচারের জন্য লড়াই করতেও পারি না। এমন অবস্থায় পাহাড়ে নারীদের অনিরাপদভাবে দিনযাপন করতে হচ্ছে। কেবলমাত্র ২০২৫ সালের মানবাধিকার প্রতিবেদনে ৩৬৮টি সহিংস ঘটনায় নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন।
রোববার (৮ মার্চ) সকালে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, ব্লাস্টের জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, সমাজকর্মী কক্সি তালুকদার এবং ছাত্রনেতা জগদীশ চাকমাসহ আরও অনেকে।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় শিল্পকলা চত্বরে এসে শেষ হয়।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এতে জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন