ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে নৌকাডুবি, সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলাধীন কাপ্তাই হ্রদে বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮ টায় ভ্রমণরত অবস্থায় একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে আনুমানিক ৭-৮ জন ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষ ছিলেন।

তারা সবাই উপজেলার রাজমনি পাড়া আর্মি ক্যাম্পের উত্তর পাশে অবস্থিত কারবারি পাড়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। নৌকাডুবির খবর পেয়ে দ্রুত সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

সেনাবাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নৌকাডুবিতে সকলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ব পালনে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ও সচেষ্ট রয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।