রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় মেহেরুন নাসা সামিরা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান এলাকা থেকে গত শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ সামিরা ওই এলাকার আনোয়ার হোসেন ও শামসুল আক্তার দম্পতির মেয়ে। এ ঘটনায় কিশোরীর মা শামসুল আক্তার বাদী হয়ে রোববার (১৯ এপ্রিল) কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সামিরা নিজ বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরে ফিরে আসেনি।
কিশোরীর ফুফু জমিলা খাতুন জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশের শরণাপন্ন হওয়া হয়েছে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই প্রয়োজনীয় তৎপরতা ও আইনি কার্যক্রম শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন