সাতক্ষীরার তালা উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী জহর হাসান সাগর খুলনা থেকে প্রকাশিত দৈনিক ভয়েজ অব টাইগারের তালা উপজেলা প্রতিনিধি এবং তালা প্রেসক্লাবের সদস্য। অভিযুক্ত নুরু ইসলাম খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
জহর হাসান সাগরের অভিযোগ, নুরু ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। বুধবার ইফতারের আগে হাজরাকাটি বাজারে তাদের মুখোমুখি দেখা হলে কথা–কাটাকাটির একপর্যায়ে নুরু ইসলাম তার ওপর হামলা চালান।
এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও হামলায় অংশ নেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত নুরু ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিকের সঙ্গে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমান বলেন, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া দুঃখজনক। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন