সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২ মার্চ) রাত ২টার দিকে উপজেলার রাইসমিল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপি অফিসে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান তারা। তখন আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে অফিসে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান ও স্থানীয় নেতাকর্মীরা জানান, ১২ ফেব্রুয়ারির পর আওয়ামী লীগের কিছু চিহ্নিত দুষ্কৃতকারী এলাকায় ফিরে এসে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের কাজ করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতাকর্মীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।
পাটকেলঘাটা থানার ওসি এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


