জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের কারিগরি বিভাগের শিক্ষক ইয়াসিন আলী (লাকি) প্রথম স্থান অর্জন করেছেন। এ উপলক্ষে রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় তালা উপজেলা শিক্ষা অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তা তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলার দশটি কলেজের মধ্যে কুমিরা মহিলা ডিগ্রি কলেজের কারিগরি বিভাগের শিক্ষক শেখ ইয়াসিন আলী প্রথম স্থান অর্জন করেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
কারিগরি বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ ইয়াসিন আলী (লাকি) বলেন, আমাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করায় আমি গভীরভাবে সম্মানিত ও অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমার শিক্ষকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, এই অর্জনের পেছনে তার নিজের চেষ্টা এবং কলেজের প্রিন্সিপাল ম্যাডামের দিকনির্দেশনা, পাশাপাশি সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
কলেজের প্রিন্সিপাল লুৎফুরজমান বলেন, আমার প্রাণের প্রতিষ্ঠান কুমিরা মহিলা ডিগ্রি কলেজ। এই কলেজ থেকে উপজেলা পর্যায়ে আমার কলেজের একজন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি আরও বলেন, এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের সভাপতি রেহেনা আক্তার বলেন, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ তালা উপজেলার একটি ঐতিহ্যবাহী, পুরোনো ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মানের দিক থেকে এটি এলাকার অনন্য। উপজেলার দশটি কলেজের মধ্যে আমার কলেজের শিক্ষক শেখ ইয়াসিন আলী (লাকি) প্রথম স্থান অর্জন করে কলেজের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। এজন্য আমি তাকে অভিনন্দন জানাই। সামনে এই ধারাবাহিকতা যেন বজায় থাকে এ জন্য সকল শিক্ষকের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন