সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল ও বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বড় হোগলডোরা খা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল এবং অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দ করা ফেনসিডিল ও ভারতীয় ঔষধের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন