ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত’ করে প্রচারের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৭:০০ পিএম
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে জেলায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের দাবি, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এদিকে বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় ফেসবুকে জেলা প্রশাসকের বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সাতক্ষীরায় ধর্মান্ধতা চলে এসেছে।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ফেসবুক আইডি ও পেজে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

জানা যায়, ওই দিন জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ক্লাব ও সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এতে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ (পলাশ), সদস্যসচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব কার্যক্রম প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, ‘আপনারা যারা ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক আছেন, তারা ক্রীড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েও কাজ করবেন। অনেকেই বলে সাতক্ষীরায় যে ধর্মান্ধতা চলে এসেছে, তাহলে সেটা আর বলবে না।’

এ ঘটনায় বুধবার (২৪ জুন) জেলা বিএনপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে কিছু অনলাইন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। ‘ধর্মান্ধ’ শব্দটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি, বরং খেলাধুলা ও সংস্কৃতির গুরুত্ব বোঝাতে প্রসঙ্গক্রমে এ মন্তব্য করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বক্তব্যের আংশিক ও বিকৃত উপস্থাপনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, যা দুঃখজনক। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে সবাইকে বিষয়টি বস্তুনিষ্ঠভাবে মূল্যায়নের আহ্বান জানানো হয়।

অন্যদিকে বুধবার বিকেলে শহরের নিউমার্কেট মোড়ে জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মর্যাদা ক্ষুণ্ন করেছে।

এ বিষয়ে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এ বছর ‘নজরুল বর্ষ’ পালন করা হচ্ছে। সরকারের প্রতিনিধি হিসেবে জেলা ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। পুরো বক্তব্য দেখলে প্রকৃত প্রসঙ্গ বোঝা যাবে।