আধিপত্য বিস্তারের জেরে শরীয়তপুরের জাজিরা উপজেলায় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাবেদ শেখ (২০) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর আগে একাধিকবার ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আরও জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় শনিবার রাত বুধাইরহাট বাজারে। কুদ্দুস ব্যাপারীর সমর্থক মান্নান ব্যাপারী এবং জলিল মাদবরের সমর্থক নাসির ব্যাপারীর মধ্যে কথাকাটাকাটির পর রোববার সকালে উভয় পক্ষের সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়ে। শতাধিক ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রের ব্যবহারে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা আতঙ্কে দেড় ঘণ্টার মতো এলাকায় নিরাপদ স্থানে থাকে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানভীর আহমেদ বলেন, জাবেদ শেখের বাম হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। তিনি আরও বলেন, জলিল মাদবর বিস্ফোরকসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন, আর কুদ্দুস ব্যাপারী জামিনে মুক্ত থাকলেও আত্মগোপনে আছেন। এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটক করা যায়নি।


