নির্ধারিত সময়ের ৫ মিনিট পর উপস্থিত হওয়ায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে পারেননি আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। অনেক অনুরোধের পরও মনোনয়নপত্র গ্রহণ না করায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অঝোরে কাঁদেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুল্লাহ বাদশা বিকেল ৫টা ৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের জন্য অনেক অনুনয়-বিনয় করে অনুরোধ জানান। নিয়মের ব্যত্যয় ঘটানোর কারণে এতেও ইউএনও সম্মত না হলে তার কক্ষেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা কাঁদতে থাকেন।
আব্দুল্লাহ বাদশা বলেন, ‘রাস্তায় গাড়ির সমস্যার কারণে একটু লেট হয়েছে। তাই নির্বাচন কর্মকর্তাকে ফোন করে বিষয়টি অবগত করেছি। নির্ধারিত সময়ের দুই মিনিট পর আমি উপজেলা পরিষদ প্রাঙ্গণে আসি। কার্যালয়ে প্রবেশ করতে গিয়ে আরও তিন মিনিট লেট হয়।’
তবে ইউএনও রেজওয়ানা আফরীন জানান, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে আইনগতভাবে আমার কিছু দায়িত্ব আছে। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই।’

-20251229210253.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন