ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তাড়াশে অসহায় বৃদ্ধার ঘরে হামলা-লুটের অভিযোগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:১৮ পিএম
ভুক্তভোগী মোছা. অবিরন খাতুন। ছবি : রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক অসহায় বৃদ্ধার ঘরে হামলা, মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ওয়াপদা বাঁধ (পুরাতন বাঁশ বাজার) এলাকার বাসিন্দা মোছা. অবিরন খাতুন (৫৮) দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী বহু বছর আগে তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি ওই এলাকায় একটি টিনের ঘর তুলে বসবাস করছেন। জীবিকা নির্বাহের জন্য তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, শুক্রবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে পূর্ব বিরোধের জেরে একই এলাকার মো. শাকিল হোসেন (৩৫) ও মো. শহিদুল ইসলাম (৪৮) কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে তার ঘরে জোরপূর্বক প্রবেশ করেন। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। শ্লীলতাহানির চেষ্টা চালায়। একপর্যায়ে ঘরে থাকা তার সঞ্চিত ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে সরে পড়েন। ভুক্তভোগী নারী জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী দিতে পারবেন।

পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে সালিশে তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভুক্তভোগী নারী তার লুট হওয়া টাকা উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।