সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলা, হুমকি ও লাঞ্ছনার ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বরাবর স্মারকলিপি প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা।
মানববন্ধন ও স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এনায়েত হোসেনের ওপর শাওন নামের এক ব্যক্তি হামলা চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম দ্রুত বিচারের আশ্বাস দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়া ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে ট্যাগ অফিসার মো. রাজিবুল হাসানের ওপর ঘোলমাইল বাজার এলাকায় আতাউর রহমান, জিয়াউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা ও লাঞ্ছনা চালায়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা (নং-৫, তারিখ-১০ এপ্রিল ২০২৬) দায়ের করা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন।
সর্বশেষ ১১ এপ্রিল উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে এসে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ট্যাগ অফিসারদের হুমকি ও মারমুখী আচরণ করে। এতে কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ অবস্থায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। স্মারকলিপিতে ডিকেআইবি সিরাজগঞ্জের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসানসহ জেলার নয়টি উপজেলার সকল উপসহকারী কর্মকর্তারা উপস্থিত হয়ে স্বাক্ষর করেন। এ সময় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্যাগ অফিসারের দায়িত্ব থেকে কর্মবিরতিতে থাকবেন বলে জানান।



