ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশাররফ হোসেনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার ছেলে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী হওয়া সত্ত্বেও তিনি পরীক্ষাসংশ্লিষ্ট দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মশাররফ হোসেনের ছেলে পার্বতীপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ অবস্থায় মশাররফ হোসেন বাংলা দ্বিতীয় পত্রের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন- যার কোড নং ৪৫০১। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীক্ষক নিয়োগের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জানতে চাওয়া হয় তাদের সন্তান পরীক্ষার্থী কি না। প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে যে এ ক্ষেত্রে তথ্য গোপন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘তদন্তে তথ্য গোপন এবং পরীক্ষার বিধিমালা লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগের পরিপ্রেক্ষিতে মশাররফ হোসেনকে প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


