অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশিষ্ট লেখক এশরার লতিফের নতুন গ্রন্থ ‘নক্ষত্র-নূপুর (দ্বিতীয় খণ্ড)’। প্রথম বিশ্বযুদ্ধের অগ্নিগর্ভ প্রেক্ষাপটে রচিত এই বহুমাত্রিক ডকুফিকশনটি ইতিহাস, রাজনীতি, প্রেম ও আত্মত্যাগের এক অনবদ্য আখ্যান হিসেবে পাঠকদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিংবদন্তি বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ১৯১৫ সালে ব্রিটিশ গোয়েন্দাদের নজর এড়িয়ে ‘ফাদার মার্টিন’ ছদ্মনামে সমুদ্রপথে আমেরিকা পাড়ি জমান তিনি, সেখানে গ্রহণ করেন নতুন পরিচয়-এম. এন. রায়। স্বদেশ থেকে আসা বাঘা যতীনের আত্মবলিদান আর বিপ্লবের ব্যর্থতার খবরের মাঝে তার জীবনে আবির্ভূত হন বিদুষী ইভলিন ট্রেন্ট। সহযোদ্ধা থেকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া ইভলিনের সাথে তার রাজনৈতিক ও দার্শনিক বিবর্তনের চিত্র এতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গ্রন্থটিতে বিশ্বরাজনীতির এক বিশাল ক্যানভাস অঙ্কিত হয়েছে। মেক্সিকোতে বিশ্বের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা, বার্লিনে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ব্রিটিশবিরোধী পরিকল্পনা এবং জুরিখে লেনিনের বিপ্লব প্রস্তুতির সমান্তরালে ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন এই ডকুফিকশনকে ভিন্ন মাত্রা দিয়েছে। এছাড়া নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে এক অপ্রকাশিত ষড়যন্ত্রের আখ্যান কাহিনীতে যোগ করেছে এক রোমাঞ্চকর গতি।
লেখক এশরার লতিফের মতে, ‘নক্ষত্র-নূপুর’ ইতিহাসের এক অন্তরঙ্গ পাঠ। রাষ্ট্রনায়ক ও বিপ্লবীদের কঠোর রাজনৈতিক মুখোশের আড়ালে যে সংবেদনশীল ও মানবিক হৃদয় স্পন্দিত হয়, এটি মূলত সেই আদর্শ, প্রেম ও দহনের এক জীবন্ত দলিল।
বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘অন্য প্রকাশ’। সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা। অমর একুশে বইমেলায় অন্য প্রকাশের ৭৩২–৭৩৬ নম্বর স্টলে গ্রন্থটি পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন