বিশ্ব সংগীত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঢাক-ঢোল, শোভাযাত্রা, অর্কেস্ট্রা পরিবেশনা এবং দেশের বরেণ্য ও জনপ্রিয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ‘সংগীত উৎসব ২০২৬’।
শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ তথ্য জানিয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ২১ ও ২২ জুন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব।
আয়োজকদের ভাষ্য, সংগীতচর্চার বহুমাত্রিক ঐতিহ্য ধারণ করে এই উৎসব সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হবে।
উৎসবের প্রথম দিন রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
এদিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব জাকির হোসেন রোকন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
উভয় দিনই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘সংগীত সন্ধ্যা’। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় ও স্বনামধন্য শিল্পীরা। উদ্বোধনী দিনে দেশের গান পরিবেশন করবেন বরেণ্য ১০ কণ্ঠশিল্পী। সংগীত পরিবেশন করবেন আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মণ্ডল, আলিফ আলাউদ্দিনসহ আরও অনেক শিল্পী।
এ ছাড়া উৎসবে অংশ নেবেন বাংলাদেশে নিযুক্ত চীন ও জাপান দূতাবাসের আমন্ত্রিত শিল্পীরাও। তাদের পরিবেশনায় উৎসব পাবে আন্তর্জাতিক মাত্রা।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, সংগীতপ্রেমী দর্শকদের জন্য উন্মুক্ত এ আয়োজন বিশ্ব সংগীত দিবস উদযাপনে বিশেষ তাৎপর্য বহন করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন