ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আগারগাঁওয়ে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৪১ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনের দোতলায় মাচা বেঁধে কাজ করার সময় নিচে পড়ে মো. আবু মুসা (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্র্রমিককে ঢামেকে নিয়ে আসা মো. বাদশা মিয়া জানান, আগারগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় মাচা বেঁধে সকাল সাড়ে ১১টার দিকে প্লাস্টারের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন আবু মুসা। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আবু মুসার গ্রামে বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়ার মানিকচর গ্রামে। তিনি মো. সাদিকুল ইসলামের সন্তান। বর্তমানে আগারগাঁওয়ের একটি বাসায় ভাড়া থাকতেন। নিহত আবু মুসারা দুই ভাই। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।