বিশ্বজুড়ে বড় শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকাও মারাত্মক বায়ুদূষণের কবলে রয়েছে। মাঝেমধ্যে রাজধানীর বায়ুমানে সামান্য উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৫৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ৩২০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২৬৭। এ ছাড়া মিশরের রাজধানী কায়রো ২৩৮ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ২১০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
বায়ুমান সূচক বা একিউআই অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি মানের বাতাস নির্দেশ করে। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সুস্থ ব্যক্তিদেরও বাইরে শারীরিক কার্যক্রম সীমিত রাখার নির্দেশনা থাকে। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


