রাজধানীর মোহাম্মদপুরে গ্রেনেড, ককটেল বোমা, গানপাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপকরণসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মুক্তা আক্তার, নাজমা আক্তার ও কাকলী আক্তার।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন নারী সবাই পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভ এর স্ত্রী ও বোন। মাইনউদ্দিন ইসলাম শুভ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।
অভিযানে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল বোমা, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং ৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা বলেন, মাইনউদ্দিন ইসলাম শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি। ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি মাইনউদ্দিন ইসলাম শুভর ছিল বলেও তারা স্বীকার করেন।
পরবর্তীতে আটক তিন নারী ও উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-20251031160223-20251114184319-20251114202531-20251115172653-20251116163243-20251119151935-20251202184929-20251212132445-(1)--20260201195605.webp)

