ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

হাজারীবাগে আগুনে পুড়ল বহুতল বাণিজ্যিক ভবন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ১০:৩৬ এএম
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে অবস্থিত বেঙ্গল লেদার কমপ্লেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৬টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েকটি গার্মেন্টস কারখানা, একটি জুতার কারখানা এবং লেদার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান রয়েছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, ভবনের চারতলায় থাকা একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে ভেতরের ছাইচাপা অংশ থেকে আবারও আগুনের সৃষ্টি হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আবার পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। দ্বিতীয় দফায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় ও বেগ পেতে হয়।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ আটকা পড়েননি। তবে ভবনের কয়েকটি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। মালিকপক্ষ জানিয়েছে, হিসাব-নিকাশ শেষে ক্ষতির পরিমাণ জানানো হবে।

একাধিক প্রতিষ্ঠান থাকায় আগুন লাগার কারণ নিয়ে মালিকদের মধ্যে কিছুটা উত্তেজনা ও বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে তারা নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন।

দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তারা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।