প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়েছেন আলোচিত রানা প্লাজার মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা। এ সময় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার থেকে প্রায় এক যুগ পর কয়েক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। পরে সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদ্রাসা মসজিদে তার মায়ের জানাজায় অংশ নেন।
জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সোহেল রানা বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন।
রানার চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম জানান, চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর প্যারোলে আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় সোহেল রানাকে সাভারে আনা হয়।
জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।


