রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশে দুটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে জানা গেছে, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাটা দুই হাত উদ্ধার করে পুলিশ।
পল্টন থানার ওসি মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকার রাস্তা থেকে দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
তিনি বলেন, হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিশ্চিত করা হয়েছে, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির। তার বাড়ি নরসিংদী, শিবপুর উপজেলায়।
উদ্ধারকৃত দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন