রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০মার্চ) বিকেল ৪টার দিকে বড় মগবাজার তিন তাঁরা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দলইয়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. ওসমান গনির ছেলে।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, ফয়সাল গনি গত ৮ মার্চ মগবাজার তিনতাঁরা হোটেলের ২২৪ নম্বর কক্ষে উঠেন। আজকে তার রুম ছাড়ার কথা ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ রুমে ধাক্কাধাক্কি করেও কোনো সাড়াশব্দ পায়নি। এরপর থানায় সংবাদ দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


