ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আমিনুল ইসলাম ১৯৮৫ ব্যাচের বিসিএস কর্মকর্তা। তিনি ২০২১ সালের ৩০ ডিসেম্বর যুগ্ম সচিব হিসেবে অবসরে যান। অবসরের সময় তিনি জাতীয় নদী রক্ষা কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে গত বছর তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।
দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক, রাজশাহীর চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বগুড়ায় এনডিসি এবং খুলনায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আমিনুল ইসলাম। তার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকায়।
এর আগে সোমবার (৯ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ঢাকা ওয়াসার এমডি মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেন। রোববার (৮ মার্চ) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, তার পদত্যাগপত্র গ্রহণের পরই নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিতর্কিত প্রক্রিয়ায় আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।


-20260125075607.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন