রাজধানীর বাড্ডা এলাকার মধ্য বাড্ডা ইউলুপে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. বাদশা রূপালী বাংলাদেশকে বলেন, ‘মধ্য বাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এই যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’
তিনি বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মানিব্যাগ থেকে নগদ ৩৫০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ডেবিট কার্ড পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


