ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে ৫০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় যানজট কমানো এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে প্রায় ৫০টি অবৈধ ও অনুমোদনহীন বাস কাউন্টার বন্ধ করে সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম। এতে সহায়তা করে ঢাকা মহানগর পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগ ও স্থানীয় থানা পুলিশ।

অভিযানের আওতায় সায়েদাবাদে হুজুরের বাড়ির সামনের এলাকা থেকে জনপদ মোড় পর্যন্ত সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ কাউন্টারগুলো উচ্ছেদ করা হয়। এর আগে বুধবার গোলাপবাগ মোড় থেকে হুজুরের বাড়ি পর্যন্ত আরও ১৮টি কাউন্টার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান শুরু হয়, যা ৮ এপ্রিল থেকে কার্যকর করা হয়।

অভিযানে স্টারলাইন, হিমাচল, শ্যামলী, সাকুরা, লাবিবা, শান্তি, ইকোনো, সারা এক্সপ্রেস, ইউনিক লাক্সারী, দোলা ও গোল্ডেন পরিবহনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫০টি কাউন্টারে প্রায় ১০০টি তালা লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের ডিসি মো. আজাদ রহমান, এডিসি মো. আবু তাহের ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম এবং সুকুমার বরমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের ভবিষ্যতে সড়ক বা ফুটপাত দখল করে কোনো ধরনের কার্যক্রম না চালানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বাস কাউন্টারগুলোর কারণে সায়েদাবাদ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছিল। জনস্বার্থে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ কাউন্টার সম্পূর্ণরূপে উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।