বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে বায়ুদূষণ বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এ সমস্যার বাইরে নয়। কিছুদিন আগে বায়ুমানের কিছুটা উন্নতি দেখা গেলেও সম্প্রতি রাজধানীতে ফের দূষণ বেড়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান IQAir–এর তথ্য অনুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ুমানের স্কোর ২৯৬। দ্বিতীয় অবস্থানে মিশরের কায়রো (স্কোর ২৮২), তৃতীয় থাইল্যান্ডের চিয়াং মাই (স্কোর ১৯৩) এবং চতুর্থ নেপালের কাঠমান্ডু (স্কোর ১৭৮)।
বায়ুমান সূচক (AQI) অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে বের হওয়া সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন