ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:০১ পিএম
ককটেল বিস্ফোরণ। ছবি- সংগৃহীত

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মিরপুরে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতে থাকা এক দোকানি আহত হন।

এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের ছাদ থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়।

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ এলাকার একটি পুলিশ বক্সের কাছে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর পশ্চিম সিগন্যাল এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি সিগন্যালের পাশের একটি বটগাছের সঙ্গে লাগানো বিজ্ঞাপন বোর্ডে আঘাত লেগে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায়ও কেউ আহত হয়নি।

এ ছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিং এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণেও কোনো হতাহত হয়নি।

পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।