ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দম্পতি

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০২:৩২ পিএম
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় চুলার গ্যাস থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা হলেন সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার বিজয়নগর এলাকায় একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে রান্নাঘরের জানালার কাচসহ ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে চা বানাতে গিয়ে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, চুলা চালু থাকায় কক্ষে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে আসতেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সুমনা বাদশা প্রায় ৯০ শতাংশ দগ্ধ হন এবং তার স্বামী বাদশা মিয়ার দুই হাতসহ প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রতিবেশী নুরুল ইসলাম জানান, বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তখন ঘরের জানালার কাচ ভাঙা এবং ভেতরে বড় ধরনের ক্ষতি দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল আমিন খান জানান, রাত ১০টার দিকে খবর পেয়ে সাত মিনিটের মধ্যে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের রাইজার বন্ধ করে দেওয়া হয়। ভেতর ও বাইরের লাইনেও লিকেজ থাকায় সেগুলো বন্ধ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।