প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর সফল অভিযানে আটক হয়েছেন এই হাই-প্রোফাইল প্রতারক।
রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকসদল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে সকাল ৭টায় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি এ পর্যন্ত কত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন