ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুড়িবাহী পিকআপ থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১২:১৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঢাকা মহানগরীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৬ কেজি গাঁজা, ৭০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি টিম।

গোপন সংবাদের মাধ্যমে পাওয়া তথ্য মতে, ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের একটি পিকআপ গাড়িযোগে এক ব্যক্তি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবার একটি চালান নিয়ে ঢাকায় আসবে। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯:০০টায় রমনা সার্কেলের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করা হয়।

টিমটি যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেয়। সংবাদদাতার বর্ণনা অনুযায়ী, যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ীস্থ নিউ পূর্বালী মৎস্য ভান্ডারের সামনে ঢাকা-কুমিল্লা মহাসড়কে ঢাকামুখী ঢাকা মেট্রো-ন-১২-৪৪৩২ নম্বরের পিকআপটি এলে সেটিকে গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপে থাকা ২৩ বস্তা মুড়ির নিচে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্রাইভিং সিটে বসা আসামি মোঃ সোহেল রানা (৩২) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে সরবরাহের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসেন।

তিনি আরও জানান, পিকআপে মুড়ি বহনের আড়ালে দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা পাচার করতেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিদর্শক মোঃ জাকির হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।