দেশের সব স্থলবন্দরে সেবা মাশুল ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আমদানি–রপ্তানি বাণিজ্যে নতুন করে ব্যয়চাপ তৈরির শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএসপিএ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অন্য স্থলবন্দরের তুলনায় সেবার পরিমাণ ও ব্যয় বেশি হওয়ায় দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে বেনাপোল স্থলবন্দরে ২৭ ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় করা হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য মাশুল ৪৯ টাকা ৭৯ পয়সা থেকে বাড়িয়ে ৫২ টাকা ২৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আমদানি করা বাস, ট্রাক ও লরি প্রবেশে মাশুল বেড়ে হয়েছে ১৮৪ টাকা ৭০ পয়সা, যা আগে ছিল ১৭৫ টাকা ৯০ পয়সা।
মোটরকার, জিপ, পিকআপ ও থ্রি-হুইলারের জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৮২ পয়সা। মোটরসাইকেল ও বাইসাইকেলের ক্ষেত্রে দিতে হবে ৩৬ টাকা ৯৫ পয়সা। ট্রাক ও লরির ওজন পরিমাপের যন্ত্র ব্যবহারে মাশুল ধরা হয়েছে ৮৮ টাকা ৬৫ পয়সা। কাগজপত্র প্রক্রিয়াকরণে দিতে হবে ১৯৫ টাকা ৭ পয়সা। কোনো যানবাহন ইয়ার্ডে রাত যাপন করলে দিতে হবে ১১১ টাকা ৪৯ পয়সা। গুদামে পণ্য সংরক্ষণের ক্ষেত্রেও সময়ভেদে মাশুল বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে বেনাপোল বন্দরের প্রায় সব সেবাতেই বাড়তি ব্যয় যুক্ত হচ্ছে।
বেনাপোল ছাড়াও দেশের অন্যান্য স্থলবন্দরগুলোতে একই হারে ৫ শতাংশ মাশুল বৃদ্ধি কার্যকর হবে। এসব বন্দরে যাত্রী মাশুল বেড়ে ৫২ টাকা ২৭ পয়সা হয়েছে। বাস, ট্রাক ও লরির জন্য মাশুল নির্ধারণ করা হয়েছে ১৫৯ টাকা ২২ পয়সা। মোটরকার ও জিপের জন্য ৯৫ টাকা ৫২ পয়সা এবং মোটরসাইকেল, স্কুটার, বেবি ট্যাক্সি ও থ্রি-হুইলারের জন্য ৪৭ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পণ্যভেদে আমদানি মাশুলও ৫ শতাংশ বাড়ানো হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মো. শামীম হোসেন বলেন, স্থলবন্দরের আয়ের প্রধান উৎস হলো সেবা মাশুল। জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও জনবল ব্যয় বাড়ায় প্রতিবছরের মতো এবারও মাশুল সমন্বয় করা হয়েছে। নতুন হার আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ব্যবসায়ীদের মতে, মাশুল বৃদ্ধির ফলে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। এতে বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন