জানুয়ারি মাসের ২৪ দিনে প্রবাসী আয় এসেছে ২৪৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭১ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ১৭ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ৫৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে, জানুয়ারির প্রথম ২৪ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৫৬ লাখ ডলার। আর এই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন