জানুয়ারি মাসে ৪০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এর মাধ্যমে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে রেমিট্যান্স আহরণে আবারও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছর ও বিগত পঞ্জিকা বছর—উভয় সময়েই ধারাবাহিকভাবে দ্বিতীয় অবস্থান সুসংহত করেছে কৃষি ব্যাংক।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে ব্যাংকটির মাধ্যমে এসেছে মোট ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। যদিও ২০২৪-২৫ অর্থবছরে অবস্থান ছিল চতুর্থ। এর পর থেকেই সরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
কর্মকর্তারা বলেন, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত শাখা নেটওয়ার্ক প্রবাসীদের কাছে কৃষি ব্যাংককে আস্থার প্রতীক করে তুলেছে। এ ছাড়া আধুনিক ডিজিটাল পদ্ধতির ব্যবহার এবং শাখা পর্যায়ে রেমিট্যান্স হেল্প ডেস্কের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেনের সুবিধা থাকায় প্রবাসীরা এই ব্যাংককেই বেশি বেছে নিচ্ছেন। এর ধারাবাহিকতায় গত ডিসেম্বরে ৩৫৩ মিলিয়ন ডলার আসার পর জানুয়ারিতে আরও বড় রেকর্ড গড়েছে ব্যাংকটি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন