টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে সবশেষ বুধবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৪১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ১৫ দফা কমানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন