জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এ তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন বিভাগ ও বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ার আওতায় আসবে, তা নির্ধারণে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে।’
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ‘চলতি বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব হয়নি। তবে আমরা আশা করছি, আগামী ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতেই অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org-এ পাওয়া যাবে।



