ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:৫৪ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করেছে মাউশি।

সোমবার (২০ জুলাই) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই-এর মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি করা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে পাঠাতে হবে। রিলস তৈরি করে তার লিংক ই-মেইলে পাঠাতে হবে এবং সেটি অবশ্যই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা-সংক্রান্ত হতে হবে। থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। পাশাপাশি মাসকট ও স্লোগানও একই ই-মেইলে জমা দিতে হবে।

প্রতিটি জমার সঙ্গে একটি সচল মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

এ ছাড়া, যারা এর আগে লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তাদের নতুন করে সেগুলো পাঠানোর প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।