শিক্ষক, সরকারি চাকুরিজীবি ও প্রবাসীদের জন্য অনুষ্ঠিত পোস্টাল ভোটের গণনা প্রক্রিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণনার সময় প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন।
ইসি জানিয়েছে, রিটার্নিং অফিসার স্থান সংকুলানের বিষয় বিবেচনা করবেন। এছাড়া প্রার্থী বা তার নির্বাচনি/পোলিং এজেন্টকে গণনার সময়, তারিখ ও স্থানের তথ্য আগে থেকেই পত্রের মাধ্যমে জানানো এবং উপস্থিত থাকার জন্য অনুরোধ করতে হবে।
পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং অফিসারের কার্যালয় বা অন্য সুবিধাজনক স্থানে আসনভিত্তিক গণনা কক্ষ প্রস্তুত করা হবে। ভোটের সংখ্যা অনুযায়ী উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে। রিটার্নিং অফিসারের নির্দেশনায় প্রিসাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসাররা গণনার কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন। প্রিসাইডিং অফিসার গণনা শুরুর এক ঘণ্টা আগে সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের ব্রিফিং দেবেন।
প্রিসাইডিং অফিসার প্রতিটি আসনে প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ও বিবরণী উপস্থিত প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের জানাবেন। এরপর পোস্টাল ব্যালট সংরক্ষণের সব খাম খোলা হবে। পোলিং অফিসাররা প্রথমে ফেরত খামগুলো একত্রিত করে তারপর একটি করে খোলবেন। প্রতিটি খাম খোলার পর ব্যালট সম্বলিত খাম ও ঘোষণাপত্র (ফরম-৮) পরীক্ষা করা হবে।
যদি ঘোষণাপত্রে যথাযথ সই পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যালট খাম আলাদা করে সংরক্ষণ করা হবে। শুধুমাত্র সঠিক সইযুক্ত ঘোষণাপত্র সম্বলিত খামগুলোই গণনাভুক্ত হবে। এই প্রক্রিয়ায় সব সঠিক ঘোষণাপত্র এবং ব্যালট সম্বলিত খাম এক জায়গায় সংরক্ষণ করা হবে, এরপর গণনা শুরু করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন