সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল পুরো রমজান মাসে বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান জানান, হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে সরকার আপিল করেছে। আগামীকাল মঙ্গলবার এই আপিলের শুনানি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
ডিজি জানান, আপিল শুনানি হওয়ার আগে স্কুল খোলা থাকবে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্ট পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।
উল্লেখ্য, হাইকোর্টে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল গত ৫ জানুয়ারি সরকারের কাছে এ বিষয়ে আইনি নোটিশ প্রদান করেছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন