শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমিক উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক সোহেলকে তার বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যতদিন শিক্ষামন্ত্রী তার পদে বহাল থাকবেন অথবা তাকে এ পদে রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন এই দায়িত্ব পালন করবেন। The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973-এর ধারা ১৪(১) অনুযায়ী এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন