ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এখনো শিক্ষকদের ঈদ বোনাসের প্রস্তাবনাই তৈরি করেনি মাউশি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৭:২০ পিএম
মাউশির লোগো। ছবি- সংগৃহীত

ঈদের আগেই বোনাস বা উৎসবভাতা পাওয়ার আশায় থাকেন দেশের প্রায় সাড়ে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। তবে এ বছর সেই আশা বাস্তবে পরিণত হচ্ছে কি না তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো ঈদ বোনাসের প্রস্তাবনাই তৈরি করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।  ঈদের আগে এই প্রক্রিয়া শেষ হবে কি না—এটাই এখন বড় প্রশ্ন।

কারণ, ঈদ বোনাসের প্রস্তাবনা তৈরি, মন্ত্রণালয়ের অনুমোদন এবং অর্থ ছাড়ের প্রক্রিয়া সামনের দুই সপ্তাহে শেষ করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষকরা। 

মাউশির সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই প্রস্তাবনার অনুমোদনের পর ঈদ বোনাসের প্রস্তাবনা পাঠানো হতে পারে।

মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব আজ পাঠানো হবে। ঈদ বোনাসের প্রস্তাব নিয়ে এখনো খোঁজ নেওয়া হয়নি। আশা করছি, এটি যথাসময়ে করা হবে।’

এ ছাড়া, মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল ঈদ বোনাস বা উৎসব ভাতার প্রস্তাবনা তৈরি করে। জানা গেছে, আগামী সপ্তাহে তারা প্রস্তাবনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি তৈরি হলে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমরা যথাসময়ে এটি পাঠাব। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করি, সব ঠিক থাকলে শিক্ষক-কর্মচারীরা ঈদের আগেই বোনাস পাবেন।’

পুরান ঢাকার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, এমপিওভুক্ত শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর গত ৮ বছরে দুবার ঈদের আগে বোনাস পেয়েছি। সেটাও এমন সময়ে ব্যাংকে পাঠানো হয় যে, তোলা মুশকিল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—যে সময়ে আমরা বোনাসের টাকা হাতে পাই, সে সময়ে সবার ঈদের বাজার করা শেষ হয়ে যায়। ব্যাংকে ভিড়, চাপাচাপির কারণে অনেকে ঈদের আগে বোনাস পেলেও ঈদের পর তুলতে বাধ্য হয়। অথচ সরকারি কর্মচারীরা ঈদের ১৫ দিন আগেই বোনাস পান। এখানেও আমরা বৈষম্যের শিকার।

শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের হিসাব

এমপিওভুক্ত শিক্ষকরা আগে মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেতেন। আর কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হতো।

গত বছর ঈদ বোনাস বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনে নামেন। শিক্ষকদের আন্দোলনের মুখে বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। তবে কর্মচারীদের বোনাস একই রাখা হয়, অর্থাৎ তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।

তবে এ বছরও শিক্ষকদের ঈদ বোনাসের প্রস্তাবনা তৈরি না হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষকমণ্ডলী আশাবাদী, এবার নতুন সরকার আগের বৈষম্য দূর করবে এবং ঈদের আগে বোনাস প্রদানের ব্যবস্থা করবে।