ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৬০ শতাংশ না শতভাগ ঈদ বোনাস পাবেন শিক্ষক-কর্মচারীরা? 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:১৫ পিএম
মাউশির লোগো। ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল সরকারি চাকরিজীবীদের মতো শতভাগ উৎসব ভাতা। তবে শিক্ষক সংগঠনগুলো শতভাগ বোনাসের দাবিতে অনড় থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এবার এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৬০ শতাংশ হারে ঈদ বোনাস পাবেন।

গত কয়েক বছরে বোনাসের ধারা পরিবর্তিত হয়েছে। দীর্ঘদিন ২৫ শতাংশ বোনাস পাওয়ার পর, গত বছর তা ৫০ শতাংশে উন্নীত করা হয়েছিল। এবার সরকারি অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় এটি আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০ শতাংশে পৌঁছেছে। যদিও শিক্ষক সংগঠনগুলো শতভাগ বোনাসের দাবিতে অনড় আছে আপাতত সরকার এই ৬০ শতাংশ বোনাস কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

শতভাগ বোনাস কেন দেওয়া সম্ভব হলো না?

বেসরকারি শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে উৎসব ভাতা ১০০ শতাংশ করার দাবি জানিয়ে আসছে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের বর্তমান আর্থিক সক্ষমতা ও অতিরিক্ত বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় একবারে শতভাগ বোনাস দেওয়া সম্ভব হয়নি। ১০ শতাংশ বৃদ্ধির ফলে সরকারের প্রায় ২০০–২৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।

কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে?

মাউশি জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পর ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুমোদনের সঙ্গে সঙ্গে মাউশি তা সরকারি আর্থিক ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাসে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় সম্পন্ন হলে শিক্ষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শিক্ষকদের ঈদ বোনাসের প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আমরা ইতোমধ্যেই সেই প্রস্তাব আইবাসে পাঠিয়েছি। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় করতে সাধারণত একদিন সময় লাগে। সব ঠিক থাকলে আগামী রোববার শিক্ষকরা উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।’

শিক্ষক মহলের প্রতিক্রিয়া

১০ শতাংশ বোনাস বৃদ্ধিতে শিক্ষকদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও অসন্তোষ পুরোপুরি কাটেনি। অনেক শিক্ষক নেতা মনে করছেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৬০ শতাংশ বোনাস পর্যাপ্ত নয়। তাদের মূল দাবি এখনো শতভাগ বা পূর্ণাঙ্গ উৎসব ভাতা।