ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হলের নাম পরিবর্তনসহ ৩ দাবিতে কাল ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ১০:১৭ পিএম
ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এর মধ্যে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং ছাত্রীদের হল শেখ ফজিলাতুন্নেছার নাম বদলে ‘শহীদ ফেলানী হল’ রাখার দাবি জানানো হয়।

পাশাপাশি জুলাই অভ্যুত্থানে ‘গণহত্যার’ সমর্থন দেওয়া শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে ছাত্র সংগঠনটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় এ ৩ দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তি পাঠানো হয়। তবে এ দাবির বিষয়ে হল সংসদের নির্বাচিতদের সঙ্গে আলোচনা না করায় আপত্তি তুলেছেন হলের ভিপি ও জিএস।