ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রুয়েটে ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ১৪টি বিভাগের ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছু অংশ নেবেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি এবারই প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল নম্বর, কেন্দ্র ও আসন বণ্টন তালিকা প্রকাশ করা হয়েছে, যা পরীক্ষার্থীরা ইতোমধ্যে সংগ্রহ করেছেন।

প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, ১৮ হাজার ২৭৭ জন ভর্তিচ্ছুর মধ্যে রুয়েট কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন ৮ হাজার ৪৭৭ জন। বাকি ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

এবারের ভর্তি পরীক্ষা দুটি গ্রুপ (ক ও খ)-এর আওতায় ১৪টি বিভাগে অনুষ্ঠিত হবে। ক গ্রুপের ভর্তি পরীক্ষা একযোগে ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে রুয়েট কেন্দ্রে ৮ হাজার ৪৭৭ জন এবং বুয়েট কেন্দ্রে ৯ হাজার ৮০০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। একই দিন রুয়েটে দুপুর সোয়া ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত খ গ্রুপের ৬৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও জানান, পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের ক্ষেত্রে গোত্রপ্রধান কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। ভর্তি কমিটি অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ও কোনো ধরনের ব্যাগ সঙ্গে রাখা নিষিদ্ধ।

রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘আগামী বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় রুয়েট দেশকে দক্ষ জনবল উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ধারা অব্যাহত রাখতে রুয়েটের ভর্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রুয়েট প্রশাসন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সন্দেহভাজন সব কার্যক্রম গোয়েন্দা নজরদারির আওতায় রেখেছে।’