ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৭:০৮ পিএম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান পিঠা উৎসবের উদ্বোধন করেন। ছবি- রূপালী বাংলাদেশ

উত্তরী হাওয়ার ছোঁয়ায় ষড়ঋতুর বাংলাদেশে শীতকালের আগমন ঘটে। লেপ-কম্বলের উষ্ণতার পাশাপাশি ঘরে ঘরে শুরু হয় হরেক রকম পিঠা তৈরির আয়োজন।

বাঙালির এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতি বছর পিঠা উৎসবের আয়োজন করে। শীতকালীন এই উৎসবের আরেকটি বিশেষ আকর্ষণ গ্রামবাংলার গান। বাংলার সংস্কৃতিকে আরও উজ্জীবিত করা এবং গানের মাধ্যমে প্রাণের সঞ্চার ঘটাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দুই দিনব্যাপী ২২ ও ২৩ জানুয়ারি ‘পিঠা উৎসব-১৪৩২’ আয়োজন করে।

দুই দিনব্যাপী এই পিঠা উৎসবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাতটি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি রকমের পিঠা-পুলির স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস। শুধু পিঠাই নয়, উৎসবের আরেকটি বড় আকর্ষণ ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। পল্লীগীতি, নৃত্য ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি শিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি পায় নতুন মাত্রা। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী সকাল ১১টায় ‘পিঠা উৎসব-১৪৩২’-এর শুভ উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল এডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, এক্সাম কন্ট্রোলার, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।