ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এইউবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রিটা আশরাফ। মূল আলোচনা উপস্থাপন করেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা ও প্রক্টর এম. এ. মতিন।

বিশেষ অতিথি ছিলেন এইউবির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. সায়েদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. মোশাররফ হোসাইন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, বায়ান্ন একটি চেতনা—যে চেতনা ধারণ করেই এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। যারা বায়ান্নতে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শহীদদের আত্মা তখনই শান্তি পাবে, যখন আমরা সর্বস্তরে মাতৃভাষা চালু করতে পারব।

মূল আলোচনায় এম. এ. মতিন বলেন, আমরা সবাই মিলে ভাষা শহীদদের স্মরণ করব, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা। বাংলা ভাষাকে আরও উচ্চতায় তুলে ধরতে হবে। তিনি বিগত জুলাই—আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে এইউবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম জুয়েল।