আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি ।
পোস্টে সাদিক কায়েম লিখেন, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে।
তিনি লিখেন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও ‘কনসেন্ট’ তৈরির খেলা চলছে, তা খুবই ভয়ংকর বার্তা দেয়!
ডাকসু ভিপি লিখেন, আশ্চর্যের বিষয় হলো, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী পারপাস সার্ভের যে তৎপরতা চলছে, সেখানে কিছু মিডিয়া সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে।
তিনি লিখেন, মনে রাখবেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়ে যায়, তবে সম্মুখসারির ছাত্রনেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এনসিপির শীর্ষ নেতাসহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন!
সাদিক কায়েম লিখেন, জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।


