সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কর্মসূচির কথা জানান।
পোস্টে সাদিক কায়েম লেখেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল জুমার নামাজের পর (দুপুর ১টা ৩০ মিনিটে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। কর্মসূচির আয়োজক হিসেবে ডাকসুর নাম উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ ও প্রতিবাদ বাড়ছে। দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

