ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ন্যায্যতা ও অধিকার আদায়ে আমরা সবসময় সোচ্চার : জাবি ভিসি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১০:৪৮ পিএম
জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ন্যায্যতা ও অধিকার আদায়ে বাংলাদেশের মানুষ সবসময়ই সোচ্চার।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে এক বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ এবং নির্যাতিত-আহতদের প্রতিও শ্রদ্ধা জানান।

এ সময় তিনি বলেন, স্বাধীনতা কোনো কাগজে লেখা শব্দ নয়; এটি জাতির আত্মমর্যাদা, সাহস ও আত্মত্যাগের প্রতীক। তবে স্বাধীনতার ৫৫ বছর পরও বিভিন্ন সময়ে দেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রচিত হয় এবং এটি বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ফল। আমরা বীরের জাতি। ন্যায্যতা ও অধিকার আদায়ে আমাদের কখনো দমিয়ে রাখা যায়নি। সময়ের প্রয়োজনে আমরা সবসময়ই সোচ্চার হয়েছি এবং সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি।’

বার্তার শেষ পর্যায়ে বর্তমান সরকার দেশ-জাতির কল্যাণে কাজ করবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি।